ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ বৃহস্পতিবার তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। আজ রাজ্যটিতে ভোট পড়ে ৮২ দশমিক ২৪ শতাংশ। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
তামিলনাড়ুতে ভোট দীর্ঘদিন ধরেই ডিএমকে বনাম এডিএমকের লড়াই। সেখানে এবার জয়ললিতার দল এডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এবার ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি, অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে)।
অন্যদিকে কোলাথুর কেন্দ্র ধরে রাখতে মরিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। ২০১১ সাল থেকে ওই আসনে জিতছেন তিনি। তাঁর পুত্র উদয়নিধির ভোট পরীক্ষা চেপাউকে। ২০২১ সালের বিধানসভা ভোটে লড়ে জিতেছিলেন এই আসন থেকেই। ডিএমকের সঙ্গে জোটে লড়ছে কংগ্রেস ও বাম।
তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়াই করছেন। আর এআইএডিএমকের ইডাপ্পাদি কে পালানিস্বামী পাঁচ বছর পর আবারও সরকারি বেঞ্চে ফেরার চেষ্টা করছেন। রাজ্যজুড়ে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। রাজ্যে মোট নিবন্ধিত ভোটার ৫ কোটির বেশি, যার মধ্যে ২ কোটি ৯৩ লাখ নারী, ২ কোটি ৮৩ লাখ পুরুষ। প্রায় ১৪ লাখ নতুন ভোটারও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ডিএমকে ১৬৪টি আসনে এবং তাদের সহযোগীরা ৭০টি আসনে লড়ছে। অন্যদিকে এআইএডিএমকে ১৬৯টি এবং তাদের সহযোগীরা ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। তামিলভূমে এবার বিশেষ নজর রয়েছে বিজয়ের দিকে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করছেন, তরুণ প্রজন্মের ভোট ঝুঁকতে পারে বিজয়ের দলের দিকে।






















