নিউজ ডেস্ক, স্টার বাংলা টুডে: নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতা–কর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়ন করা।’
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলীয় নেতা–কর্মীদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, নির্বাচন কঠিন হবে বলে আগেই সতর্ক করা হয়েছিল এবং মাঠপর্যায়ে নেতা–কর্মীরা সেই বাস্তবতা অনুভব করেছেন। তিনি দাবি করেন, জনগণ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।
নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের পর এটি শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের ইশতেহারে রূপ নিয়েছে।
ইশতেহার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় রাজনৈতিক নেতা–কর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাই ভবিষ্যতে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজন, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও রাজনৈতিক বিতর্ক করতে পারবেন।
দিনব্যাপী রুদ্ধদ্বার এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।




















