নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডে(কলকাতা):
ভারতের কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজ্যের সবচেয়ে বড় জামাত হয়েছে রেড রোডে।
মমতা ঈদের শুভেচ্ছা বিলানোর পর রেড রোডে আগত মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনকে মাথায় রেখে মমতা আরও বলেন,এই রাজ্যে সংশোধিত নিবিড় ভোটার তালিকা (এসআইআর) প্রণয়নের নামে আপনাদের নাম কাটা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এর জন্য আপনাদের পক্ষে আমার লড়াই জারি থাকবে।
মমতা কটাক্ষ করে আরও বলেন, প্রধানমন্ত্রী মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। মমতা হুমকির সুরে বলেন, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহান্নামে যাবে। তাই মমতা এই রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানান। বলেন, ‘আমি ভারতীয়দের নিয়েই গর্বিত।
প্রতিবছর কলকাতার ধর্মতলার রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আজ সকাল থেকে ছিল ঝিরঝিরে বৃষ্টি। তবে তাতে নামাজে কোনো ব্যাঘাত ঘটেনি। এসেছেন দলে দলে মুসল্লি। দেখা গেছে মুসল্লিদের মধ্যে আনন্দের জোয়ার। একবারে শিশু থেকে প্রবীণেরা ছিলেন। সবাই কোলাকুলি করেছেন।























