পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির ৮ উইকেটের জয়ে দারুণ এক মাইলফলকের দেখা পান বাবর আজম। ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলার পথে টি-টুয়েন্টিতে শততম ফিফটির দেখা পান জালমি অধিনায়ক।
ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে শততম ফিফটির দেখা পেলেন বাবর। তাঁর আগে এ মাইলফলকের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। অর্থাৎ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ তালিকায় নাম লেখালেন বাবর।
টি-টুয়েন্টিতে ফিফটি প্লাস বা পঞ্চাশোর্ধ্ব রানের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন বাবর। এ সংস্করণে ১১টি সেঞ্চুরি করা বাবরের মোট পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ১১১টি। গেইলের ১১০টি (৮৮ ফিফটি, ২২ সেঞ্চুরি)। সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের তালিকায়ও শীর্ষে ওয়ার্নার—১২৬টি (১১৬ ফিফটি, ১০ সেঞ্চুরি)।
ওয়ার্নারের পরই তালিকায় দ্বিতীয় কোহলি। ১১৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন কোহলি (১০৭ ফিফটি, ৯ সেঞ্চুরি)। বাবর এ তালিকায় তৃতীয়।























