নিউজ,ডেস্ক,স্টার বাংলা টুডেঃ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি পাঁচ শিশু হামের উপসর্গে ভুগছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময়ে নতুন করে ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সঙ্গে ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে।
মারা যাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি বরিশালের। এছাড়া হামের উপসর্গে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৫৭ হাজার ৮৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৪২ হাজার ৯২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ের মধ্যে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা না দেওয়া, সচেতনতার অভাব এবং কিছু এলাকায় টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তারা শিশুদের পূর্ণাঙ্গ টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগও অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

















