নিউজ,ডেস্ক, স্টার বাংলা টুডেঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আদালতে তার বক্তব্য রেকর্ড করার আবেদন করা হয়। একই সঙ্গে এ মামলায় গ্রেফতার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদনও করা হয়।
বিকেল সোয়া ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজতখানা থেকে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, সেপটিক ট্যাংকে নেমে কয়েকজন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়।
এদিকে সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পর দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ উদ্ধারের পর নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

















