স্টার বাংলা টুডে (যশোর): ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ৭ কোটি টাকার বেশি মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
শনিবার (২০ জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৪) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আনিস (৩৫)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এ ছাড়া ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে।
এদিকে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার ও জব্দকৃত আলামত যশোর কোতোয়ালি থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা রাখা হয়েছে।।











