ওয়েব ডেস্ক, স্টার বাংলা টুডেঃবিশ্বকাপ দেখার খরচ আছে। ভ্রমণ, টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে বেশ মোটা অঙ্কের অর্থই খরচ হয়। টিকিটের দাম আকাশছোঁয়া হওয়ায় এবারের বিশ্বকাপে অনেকেই খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। কিন্তু ভাবুন তো, যদি বিশ্বকাপের সব ম্যাচ দেখার জন্য উল্টো আপনাকেই টাকা দেওয়া হয়!
বাস্তবে এমনই একটি সুযোগ এসেছে এবারের বিশ্বকাপকে ঘিরে। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চলতি গ্রীষ্মে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় চাকরি হতে যাচ্ছে একজন ফুটবলপ্রেমীর জন্য, যার কাজ হবে বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচ দেখা। এ কাজের জন্য পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা)।
চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিড-এর সঙ্গে যৌথভাবে ফক্স স্পোর্টস ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ খুঁজছে। তারা এটিকে বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হিসেবে উল্লেখ করেছে। নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে বসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চাকরির জন্য নির্বাচিত ফুটবলভক্তকে বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে। এর মাধ্যমে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা পর্যটক ও পথচারীদের জন্য প্রতিটি ম্যাচকে একটি লাইভ উৎসবে রূপান্তর করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠানগুলো জানায়, এটি বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হতে পারে। তবে এই সুযোগ পাবেন এমন একজন ভক্ত, যিনি এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।
আগ্রহী ব্যক্তিরা ইনডিড-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হবে।























